গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লং মার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য।
শনিবার সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই সমাবেশে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তার বক্তব্যের পরপরই চট্টগ্রাম অভিমুখে লং মার্চের বহর যাত্রা শুরু করে।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, লং মার্চের পথে বিভিন্ন পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজের কাছে ট্রাকস্ট্যান্ড, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল এবং মীরের সরাই। সবশেষে চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভার মাধ্যমে এই লং মার্চ শেষ হবে।





