২ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু হাসপাতালে ধূমপান: চিকিৎসক রফিকুল ইসলাম বরখাস্ত

প্রকাশ:

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আজ শনিবার দুপুরে আকস্মিক পরিদর্শনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের পরিবেশ ও সেবার মান যাচাইয়ের অংশ হিসেবে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মতৎপরতা এবং সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি।

পরিদর্শনের এক পর্যায়ে সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি ওই চিকিৎসককে ধূমপান করতে দেখেন। এছাড়া চিকিৎসকের কক্ষটিও অত্যন্ত অপরিচ্ছন্ন অবস্থায় ছিল। হাসপাতালের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে চিকিৎসকের এই দায়িত্বজ্ঞানহীন আচরণ এবং কক্ষের অস্বাস্থ্যকর পরিবেশ দেখে প্রধানমন্ত্রী তীব্র অসন্তোষ প্রকাশ করেন।

ঘটনার পরপরই প্রধানমন্ত্রী হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক জানান, এই নির্দেশ পাওয়ার পরেই চিকিৎসক রফিকুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তাকে তাৎক্ষণিক বরখাস্তের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

পরবর্তীতে প্রধানমন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন এবং রোগীদের সেবায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন