১৩ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার লক্ষ্য কেবল জিপিএ-৫ অর্জন নয়: আসলাম চৌধুরী

প্রকাশ:

কেবল জিপিএ-৫ কিংবা পরীক্ষার ফলাফলের প্রতিযোগিতায় শিক্ষার উদ্দেশ্যকে আটকে রাখা উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ। তিনি মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানের মূল কাজ শুধু পাঠ্যবই মুখস্থ করিয়ে সনদ প্রদান করা নয়, বরং শিক্ষার্থীর চরিত্র গঠন, আত্মবিশ্বাস তৈরি এবং মানবিক গুণাবলি ও দেশপ্রেমের বীজ বপন করা।

গত শনিবার সকালে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর আলহাজ্ব আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসলাম চৌধুরী আরও বলেন, প্রতিযোগিতামূলক শিক্ষাব্যবস্থায় ভালো ফলাফলের প্রত্যাশা থাকা স্বাভাবিক, তবে এই চাপের কারণে শিক্ষার্থীরা যেন নৈতিকতা, খেলাধুলা ও সৃজনশীলতা থেকে বিচ্ছিন্ন না হয়ে পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে। শিক্ষা এমন হওয়া উচিত যা শিক্ষার্থীকে একজন দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলবে।

সন্তানদের প্রযুক্তির সঠিক ব্যবহারের বিষয়ে সতর্ক করে তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, শুধু বিদ্যালয়ে পাঠিয়ে দায়িত্ব শেষ হয় না। সন্তানের চলাফেরা, তার বন্ধু-বান্ধব, পড়াশোনায় মনোযোগ এবং স্মার্টফোন বা প্রযুক্তিতে ব্যয় করা সময়ের ওপর নিয়মিত নজরদারি করা পরিবারের কর্তব্য। প্রযুক্তি যাতে শিক্ষার্থীর সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত না করে, অভিভাবক ও শিক্ষকদের সেই বিষয়ে সম্মিলিতভাবে সজাগ থাকতে হবে।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে আসলাম চৌধুরী বলেন, প্রতিটি শিশুর মেধার ধরন ভিন্ন। কেউ হয়তো পরীক্ষায় ভালো করে, আবার কেউ খেলাধুলা কিংবা সৃজনশীল কর্মকাণ্ডে দক্ষতা দেখায়। তাই কেবল নম্বর দিয়ে শিক্ষার্থীর সক্ষমতা বিচার না করে তার সুপ্ত প্রতিভাকে বিকশিত করার সুযোগ দিতে হবে। একটি দায়িত্বশীল ও সুন্দর সমাজ বিনির্মাণে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মাহবুব ই খোদা মোর্শেদের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকবরশাহ থানার ওসি কামরুজ্জামান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাউদুল ইসলাম, সলিমপুর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব খ ম নাজিম উদ্দিন, বিএনপি নেতা রায়হান উদ্দিন মুকুল ও সালামত আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম নয়ন। সবশেষে শিক্ষা, ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রমে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও মেধা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি আসলাম চৌধুরী।

শেয়ার করুন