২৯ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তি ও আইনের শাসনে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: রিজভী

প্রকাশ:

বিএনপি শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিশ্বাসী বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, কোনোভাবেই ফ্যাসিবাদী আমলের লুটপাট বা অরাজকতার পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না। আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন। হান্নান শাহ স্মৃতি সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করে। তৃণমূল পর্যায়ের কর্মীরা সরকারের অংশ উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, প্রত্যেক কর্মীকে সহিষ্ণুতার সঙ্গে কাজ করে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে রুহুল কবির রিজভী বলেন, সাধারণ ভোটারদের মনে যেন কোনো সন্দেহ না থাকে যে বিএনপির নেতাকর্মীরা সহনশীল নয়। ফ্যাসিবাদী আমলে বিগত সরকার যেভাবে টাকা ও মানুষের জমি লুট করেছে, এমনকি গোয়ালঘরের গরু পর্যন্ত দখল করেছে, বিএনপি সেই পথে হাঁটবে না। তিনি দলের নেতাকর্মীদের সহিষ্ণুতার সাথে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, পদ-পদবি বা ঠিকাদারি পাওয়ার নেশায় দলের দীর্ঘ সংগ্রামের ফসল বিসর্জন দেওয়া যাবে না। প্রত্যেকের উচিত সরকারের ভাবমূর্তি রক্ষায় সহায়তা করা। গোটা দেশে অরাজকতা সৃষ্টি করে তারা লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। কে কী পেল বা পেল না, তা নিয়ে মেতে না থেকে, পদ-পদবির দিকে না তাকিয়ে সরকারের ভাবমূর্তি রক্ষায় সবাইকে সহযোগিতা করতে হবে। তিনি আরও বলেন, সারের ডিলার আর ঠিকাদারি পাওয়ার জন্য যদি এতদিনের সংগ্রামকে বিক্রি করে দিই, তাহলে আমরা কখনো বড় অর্জন করতে পারবো না।

আসন্ন দুর্গাপূজা প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা সরকারকে বেকায়দায় ফেলতে বিভিন্ন স্থানে নাশকতা চালানোর চেষ্টা করতে পারে। তাই প্রতিটি পূজামণ্ডপে সতর্ক প্রহরা নিশ্চিত করতে দলের নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। তাই আমাদের ঘুমহীন প্রহরীর মতো থাকতে হবে। পূজা কমিটির সঙ্গে আলোচনা করে প্রতিটি পূজামণ্ডপে পাহারার ব্যবস্থা রাখতে হবে, পর্যবেক্ষণ ও নজরদারির মধ্যে রাখতে হবে।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের কারণে জ্বালানি তেলের সংকটে ডিজেল আমদানি ব্যাহত হচ্ছে, যা কৃষি উৎপাদনের জন্য উদ্বেগজনক। তবে তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সংকট মোকাবিলায় নিরলস কাজ করছে। তিনি আরও বলেন, আগে যেসব মিল-কলকারখানা বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল এবং রান্নার চুলা জ্বলছিল না, এখন পরিস্থিতির উন্নতি হচ্ছে। সামনে শীতকালীন শাকসবজি ও রবিশস্য উৎপাদনে ডিজেল অত্যন্ত জরুরি।

আ স ম হান্নান শাহের স্মৃতিচারণ করতে গিয়ে রিজভী বলেন, তিনি ছিলেন সাহসের প্রতীক ও অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন। ওয়ান-ইলেভেনের কঠিন সময়ে যখন অনেকে পিছু হটেছিলেন, তখন তিনি দলের হাল ধরেছিলেন। কারাবন্দি অবস্থায়ও দলের প্রতি তার নিবেদিতপ্রাণ ভূমিকা ছিল উদাহরণযোগ্য, এমনকি বারবার কারাবরণের ফলে পরিবার আর্থিক সংকটে পড়লেও তিনি লক্ষ্য থেকে বিচ্যুত হননি।

সংসদ সদস্য ফজলুল হক মিলনের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা।

শেয়ার করুন