২৩ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে স্থায়ী কমিটির কড়া সুপারিশ

প্রকাশ:

নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বুধবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মো. খালেদ হোসেন মাহবুবের সভাপতিত্বে দ্বিতীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সদস্য মো. বরকত উল্লাহ বুলু, খন্দকার আব্দুল মুক্তাদির, হেলেন জেরিন খান, মোহাম্মদ কামাল হোসেন, গাজী এনামুল হক এবং আব্দুল মুনতাকিম উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতে বিগত সভার কার্যবিবরণী নিশ্চিত করা হয়। কমিটির সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ আলোচনায় অংশগ্রহণ করেন।

সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের জনবল কাঠামো, অর্জিত লক্ষ্যমাত্রা এবং আমদানি-রপ্তানি সংক্রান্ত ব্যয়ের ওপর বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করা হয়। বিশেষ করে ভোজ্যতেল, ডিম, মুরগি, আটা, ময়দা, চাল, পেঁয়াজ ও আলুর মতো নিত্যপণ্যের কৃত্রিম সংকট ও যোগসাজশমূলক মূল্যবৃদ্ধি রোধে কমিটি বিশেষ গুরুত্বারোপ করে। গত তিন বছরের আমদানি মূল্য ও খুচরা বাজারের দামের পার্থক্যের ওপর বাংলাদেশ ব্যাংক, এনবিআর ও অর্থ মন্ত্রণালয়ের সমন্বিত একটি যৌথ প্রতিবেদন পর্যালোচনা করা হয়। সভায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কার্যক্রমের মাধ্যমে বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও সিন্ডিকেট বিরোধী পদক্ষেপের অগ্রগতি তুলে ধরা হয়। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের অনুসন্ধান, তদন্ত, মামলার রায় ও আদেশের ফলে বাজারে প্রতিযোগিতা বিরোধী চুক্তি, যোগসাজশ, কৃত্রিম সংকট সৃষ্টি, সরবরাহ নিয়ন্ত্রণ ও অস্বাভাবিক মূল্য বৃদ্ধির মতো কার্যক্রম নিরুৎসাহিত করার চেষ্টা অব্যাহত আছে মর্মে অবহিত করা হয়।

কমিটি টিসিবি কার্ডসহ অন্যান্য সেবামূলক কার্ড বিতরণের ক্ষেত্রে সমন্বিত ও স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণের পরামর্শ দিয়েছে, যাতে প্রকৃত সুবিধাভোগীরাই সহায়তা পান। এছাড়া বিদেশের বাণিজ্য মিশনগুলোতে অভিজ্ঞ এবং সংশ্লিষ্ট দেশের ভাষা জানা কর্মকর্তাদের নিয়োগের ওপর জোর দেওয়া হয়েছে। আমদানি-রপ্তানি ডিলার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি এলডিসি (LDC) থেকে উত্তরণের প্রক্রিয়ায় অংশীদার দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক চুক্তি দ্রুত বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়। দেশের সামগ্রিক সেবার মান উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় সব কার্যক্রম গ্রহণের সুপারিশ করে কমিটি। সভায় বাণিজ্য সচিব ও বিভিন্ন দপ্তর প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে কমিটি কর্তৃক বিদেশে বাণিজ্য মিশনে কর্মরত কর্মকর্তাদের পদায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের ভাষা জ্ঞান সম্পন্ন এবং অভিজ্ঞতা বিবেচনার প্রতি নির্দেশনা প্রদান করা হয়েছে।

শেয়ার করুন