ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। পুলিশ প্রশাসন জনপথ ও কর্তব্য পথ মোড়ের চার কিলোমিটার এলাকাজুড়ে ২৪ ঘণ্টার জন্য মোবাইল ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ দিয়েছে। শুক্রবার রাত ১০টা থেকে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞা শনিবার রাত ১০টা পর্যন্ত বহাল থাকবে। টেলিযোগাযোগ আইন ২০২৩ ও সংশ্লিষ্ট বিধিমালার আওতায় এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া, জিও ও এমটিএনএলকে এই নির্দেশ বাস্তবায়নের কথা বলা হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যায় জারি করা নির্দেশে এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া, জিও ও এমটিএনএলকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে দিল্লি পুলিশ।
বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। গত জুলাই মাসে মেডিকেল ভর্তি পরীক্ষা এনইইটি’র প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় যন্তর মন্তরে সিজেপির আন্দোলনের সময়ও কয়েক দিন ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছিল। তখন নিষেধাজ্ঞার আওতা ছিল দেড় কিলোমিটার, তবে এবার তা বাড়িয়ে চার কিলোমিটার করা হয়েছে। এতে কনট প্লেস, মান্ডি হাউস, প্রগতি ময়দান, গুরুদ্বার বাংলা সাহিব, বারাখাম্বা রোড, খান মার্কেট, লোধি রোড এবং জংপুরার কিছু অংশ এই নিষেধাজ্ঞার কবলে পড়েছে। এতে বিক্ষোভকারীদের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে প্রকাশ করতে সমস্যা হয়। সংবাদমাধ্যমের প্রতিবেদন প্রকাশেও বিলম্ব ঘটে।
গণপরিবহন ব্যবস্থাতেও বড় ধরনের বিধিনিষেধ আনা হয়েছে। শুক্রবার রাত ৯টা থেকে রাজীব চক, নয়াদিল্লি, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, প্যাটেল চক ও কাশ্মীরি গেটসহ মোট ৫৭টি মেট্রো স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া শনিবার ভোর ৪টা থেকে দুপুর ২টার মধ্যে নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছানোর কথা ছিল এমন ৬০টির বেশি ট্রেন বাতিল করা হয়েছে। সব মিলিয়ে দিল্লির যোগাযোগব্যবস্থায় ব্যাপক বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।
মেট্রো ও ট্রেন চলাচলে এমন বিধিনিষেধের কড়া সমালোচনা করেছে ভারতের সুপ্রিম কোর্ট। আদালত মন্তব্য করেছে, ‘একটি মাছি মারতে হাতুড়ি ব্যবহার করা যায় না।’ মূলত নাগরিক চলাচলে অতিরিক্ত কড়াকড়ি ও যোগাযোগ মাধ্যম বন্ধের যৌক্তিকতা নিয়েই শীর্ষ আদালত প্রশ্ন তুলেছে। তবে কঠোর নিরাপত্তা ও নিয়ন্ত্রণের মধ্য দিয়েই প্রশাসন তাদের কার্যক্রম পরিচালনা করছে।





