আগামী ২৯ আগস্ট চট্টগ্রামে উদ্যোক্তাদের জন্য নেক্সট লিডার্সের ফাউন্ডার্স গেট-টুগেদার অ্যান্ড নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নগরের দ্যা গোল্ডেন স্পুন রেস্টুরেন্টে দিনব্যাপী এই আয়োজনে অংশ নেবেন প্রায় ৫০ জন উদ্যোক্তা ও পেশাজীবী।
এই আয়োজনে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার উদ্যোক্তা, ই-কমার্স ও এজেন্সি উদ্যোক্তা, ব্যবসায়িক অংশীদার ও পরিচালক এবং মার্কেটিং ও বিজনেস ডেভেলপমেন্টের পেশাজীবীরা উপস্থিত থাকবেন। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্যোক্তাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, নতুন ব্যবসায়িক যোগাযোগ তৈরি এবং ব্যবসা পরিচালনার বিভিন্ন বাস্তব চ্যালেঞ্জ নিয়ে আলোচনার সুযোগ সৃষ্টি করাই এই সেশনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে ব্যবসা পরিচালনা, বিক্রয় ও বিপণন, ব্র্যান্ডিং এবং ব্যবসার প্রবৃদ্ধি বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে। এই আয়োজনে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে যুক্ত হয়েছে অ্যারাবিয়ান পারফিউম ব্র্যান্ড জৌদ।
জৌদ এই আয়োজনটিকে উদ্যোক্তা ও ব্যবসায়িক কমিউনিটির সঙ্গে যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি স্থানীয় ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সম্পর্ক তৈরির সুযোগ হিসেবে দেখছে। নেক্সট লিডার্সের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ওমর শরীফ ইবনে হাই অনুষ্ঠানটি পরিচালনা করবেন।
ই-কমার্স, ব্যবসা উন্নয়ন ও বিপণন খাতে তার দুই দশকের বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে। অনুষ্ঠানে তিনি উদ্যোক্তাদের নিজেদের অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ব্যবসার সুযোগ তৈরির বিষয়ে উৎসাহিত করবেন।
জৌদের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত এ ধরনের নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার মাধ্যমে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বাংলাদেশের বাজারে পারফিউম পণ্যের প্রসার ও ব্যবসায়িক অংশীদারত্বের নতুন সম্ভাবনা তৈরিতে এই আয়োজন সহায়ক হতে পারে।





