৪ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গত ১৭ বছরে তদবিরেই পাস করানো হতো অকৃতকার্যদের: রিজভী

প্রকাশ:

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থায় বড় ধরনের অনিয়ম চলেছে। তিনি দাবি করেন, প্রভাবশালী মহলের নির্দেশে খাতা না দেখেই অনেক অকৃতকার্য শিক্ষার্থীকে পাস করিয়ে দেওয়া হতো। এমনকি খাতায় কিছু না লিখে কেবল প্রশ্নপত্র জমা দেওয়া শিক্ষার্থীদেরও পাস করানোর নির্দেশনা দেওয়া হতো বলে তিনি মন্তব্য করেন।

শনিবার সকাল ১১টায় কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, এই দীর্ঘ সময়ে জাতির মেরুদণ্ডকে সুপরিকল্পিতভাবে দুর্বল ও প্লাস্টিকের মেরুদণ্ডে রূপান্তরিত করা হয়েছে, যার ফলে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ পিছিয়ে পড়েছে।

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সুলতানা নাসের, জিনজিরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোকারম হোসেন সাজ্জাত ও কেরানীগঞ্জ সিএনজি ব্যবসায়ী সমিতির সভাপতি ইমাম উল্লাহ মাস্তান। এছাড়াও স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতিরা সেখানে অংশ নেন।

শেয়ার করুন