১৩ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, তেহরান তীব্র সংকটে

প্রকাশ:

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় সচল করার বিষয়ে ইরানের পক্ষ থেকে আসা একটি প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, তেহরান এখন তীব্র অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে এবং তারা নিজেরাই নিজেদের এক কঠিন বিপদে ঠেলে দিয়েছে। স্থানীয় সময় শনিবার (২৬ সেপ্টেম্বর) টেনেসির উদ্দেশে রওনা দেওয়ার প্রাক্কালে হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই মন্তব্য করেন।

হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন যে, এই পথ দিয়ে প্রচুর পরিমাণে তেল পরিবহন অব্যাহত রয়েছে। এমনকি গত রাতেও ২৯টি জাহাজ এই রুট ব্যবহার করে নির্বিঘ্নে অতিক্রম করেছে বলে তিনি জানান। ট্রাম্পের মতে, কোনো প্রকার অর্থ না আসায় ইরান সরকার বর্তমানে চরম অর্থনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে।

এদিকে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়টি নিয়ে বিশ্লেষণ দিয়েছেন সাবেক পেন্টাগন কর্মকর্তা ও এনইএসএ সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের অধ্যাপক ডেভিড ডেস রোচেস। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, আসন্ন মার্কিন মধ্যবর্তী বা মিডটার্ম নির্বাচন সামরিক সিদ্ধান্তে কিছুটা প্রভাব ফেললেও এর সীমাবদ্ধতা রয়েছে। তার পর্যবেক্ষণ অনুযায়ী, মার্কিন কংগ্রেসের মাত্র ১৮টি আসন বর্তমানে নিরপেক্ষ বা হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর্যায়ে রয়েছে। ডেস রোচেসের মতে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতায় থাকলে মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগেই সামরিক কোনো পদক্ষেপ দেখার সম্ভাবনা বেশ প্রবল।

শেয়ার করুন