টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা, জিজ্ঞাসাবাদের জন্য চালক আটক

প্রকাশ:

গাজীপুর মহানগরীর টঙ্গীতে নুরুল ইসলাম (৪০) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে টঙ্গী পূর্ব থানার ৪৪ নম্বর ওয়ার্ডের আলেরটেক সোসাইটি মাঠ এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটে। নিহত নুরুল ইসলাম গাজীপুরের শ্রীপুর থানার টেপিরবাড়ি এলাকার মরহুম নজরুল ইসলামের ছেলে এবং তিনি টঙ্গী পূর্ব থানার গোপালপুর এলাকায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন ব্যক্তি নুরুল ইসলামকে আলেরটেক সোসাইটি মাঠ এলাকায় ডেকে নিয়ে যান। সেখানে পূর্ববিরোধের জেরে তার ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ হাসপাতালে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। হত্যাকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্ট একটি সিএনজিচালিত অটোরিকশার চালককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম জানান, পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। প্রাথমিক তদন্তে পূর্ববিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ এবং কারা এই ঘটনার সাথে সরাসরি জড়িত, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন