বিশ্বকাপ ফুটবলের ফাইনালে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড

প্রকাশ:

ফুটবল বিশ্বকাপের ফাইনাল মানেই স্নায়ুচাপ আর হাড্ডাহাড্ডি লড়াই। অধিকাংশ শিরোপা নির্ধারণী ম্যাচই হয়েছে এক গোলের ব্যবধানে, আবার অনেক ক্ষেত্রে টাইব্রেকার কিংবা অতিরিক্ত সময়ে গড়িয়েছে ভাগ্য। তবে ইতিহাসের পাতায় এমন তিনটি ফাইনাল রয়েছে যেখানে বিজয়ী দল শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়ে বড় ব্যবধানে শিরোপা জিতেছে। বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের ব্যবধান হলো তিন গোল।

এই রেকর্ডের সবচেয়ে বড় অংশীদার ব্রাজিল। ১৯৫৮ এবং ১৯৭০ সালে তারা তিন গোলের ব্যবধানে জয়লাভ করে। ১৯৫৮ সালের স্টকহোমে অনুষ্ঠিত ফাইনালে ব্রাজিল ৫-২ গোলে স্বাগতিক সুইডেনকে পরাজিত করে। মাত্র ১৭ বছর বয়সি পেলের জোড়া গোল, ভাভার দুটি গোল এবং মারিও জাগালোর একটি গোল মিলিয়ে সাত গোলের সেই ম্যাচটি আজও বিশ্বকাপ ফাইনালের ইতিহাসের সর্বোচ্চ গোল হওয়া ম্যাচ হিসেবে স্বীকৃত। এই জয়ের মাধ্যমে ব্রাজিল প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এরপর ১৯৭০ সালে মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে ইতালিকে ৪-১ গোলে হারিয়ে ব্রাজিল তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তোলে। সেই ম্যাচে পেলে গোল করে দলকে এগিয়ে দিলেও ইতালির রবার্তো বোনিনসেনিয়া সমতা ফেরান। তবে দ্বিতীয়ার্ধে জারসন, জাইরজিনহো ও কার্লোস আলবার্তোর গোলে ব্রাজিল সহজ জয় পায় এবং স্থায়ীভাবে জুলে রিমে ট্রফি নিজেদের করে নেয়।

বিশ্বকাপ ফাইনালে তিন গোলের ব্যবধানে জয়ের তৃতীয় ঘটনাটি ঘটে ১৯৯৮ সালে। প্যারিসে অনুষ্ঠিত সেই ফাইনালে তৎকালীন চ্যাম্পিয়ন ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জেতে স্বাগতিক ফ্রান্স। ম্যাচে জিনেদিন জিদান প্রথমার্ধেই জোড়া গোল করেন এবং যোগ করা সময়ে ইমানুয়েল পেতি তৃতীয় গোলটি করে ফ্রান্সের জয় নিশ্চিত করেন। ফাইনালে ব্রাজিল ফেভারিট থাকলেও ফ্রান্সের সেই পারফরম্যান্স ইতিহাসের অন্যতম স্মরণীয় হয়ে আছে।

শেয়ার করুন