নারীদের নেতৃত্বের মূলধারায় আনতে রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি ও পলিসিগত জায়গায় বড় ধরনের পরিবর্তন আনা জরুরি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি স্পষ্ট করেছেন যে, এই ধরনের পরিবর্তন ছাড়া নেতৃত্বের আসনে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব নয়।
শনিবার (২২ আগস্ট) রাজধানীর সিদ্ধেশ্বরীতে 'তরুণ নারী রাজনৈতিক নেতৃত্ব শক্তিশালী ও গণতান্ত্রিক পরিসর পুনরুদ্ধার' শীর্ষক এক সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে নারী প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করলেও সামগ্রিকভাবে নারীর ক্ষমতায়ন আশানুরূপ হয়নি। বিশেষ করে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নারীর নেতৃত্বের হার প্রায় শূন্যের কোঠায়। তিনি মনে করেন, এসব স্থানীয় পর্যায়ে যদি নারীদের মনোনয়ন প্রদানের সুযোগ থাকতো, তবে তাদের জন্য জাতীয় সংসদে উঠে আসা সহজতর হতো।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, নির্বাচনী আসনগুলোতে যখন একাধিক প্রার্থী থাকে, তখন একজন নারী প্রার্থী থাকলেও তাকে সেভাবে গুরুত্ব দিয়ে প্রচার করা হয় না। পদে পদে বিভিন্ন প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও নারীদের এসব বাধা উপেক্ষা করে সাহসের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।





