সুস্থ থাকতে হাঁটার পাশাপাশি স্ট্রেংথ ট্রেনিংয়ের বিকল্প নেই

প্রকাশ:

শরীর সুস্থ রাখতে নিয়মিত হাঁটার গুরুত্ব অপরিসীম। হাঁটা হৃদ্‌স্বাস্থ্য ভালো রাখা, অ্যারোবিক ফিটনেস বাড়ানো এবং মানসিক চাপ কমাতে বিশেষভাবে কার্যকর। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শুধু হাঁটার ওপর নির্ভর করলে শরীরের হাড় ও পেশির শক্তি ধরে রাখার ক্ষেত্রে ঘাটতি থেকে যেতে পারে। এ কারণে ব্যায়াম ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা দৈনন্দিন হাঁটার পাশাপাশি স্ট্রেংথ ট্রেনিং বা শক্তিবর্ধক ব্যায়াম যুক্ত করার পরামর্শ দিচ্ছেন।

হাঁটা মূলত একটি কম ঝুঁকিপূর্ণ ও লো-ইম্প্যাক্ট ব্যায়াম, যা হৃদ্‌যন্ত্র ও ফুসফুসের সক্ষমতা বজায় রাখতে সাহায্য করে। অন্যদিকে, স্ট্রেংথ ট্রেনিংয়ের মূল লক্ষ্য হলো পেশিকে প্রতিরোধের বিরুদ্ধে কাজ করানো। ওজন তোলা, রেজিস্ট্যান্স ব্যান্ড ব্যবহার, স্কোয়াট, পুশ-আপ বা শরীরের ওজন ব্যবহার করে ব্যায়াম করার মাধ্যমে পেশি তৈরি ও তা ধরে রাখা সম্ভব হয়, যা দৈনন্দিন কাজের সক্ষমতা বাড়ায়।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড়ের ঘনত্ব কমে যাওয়ার ঝুঁকি বাড়ে, বিশেষ করে মেনোপজের পর নারীদের ক্ষেত্রে হাড়ের স্বাস্থ্যের দিকে বাড়তি নজর দেওয়া প্রয়োজন। হাড়ের শক্তি ও ঘনত্ব ধরে রাখতে স্ট্রেংথ ট্রেনিং কার্যকর ভূমিকা রাখে, কারণ এটি হাড়ের ওপর উপযুক্ত মাত্রার যান্ত্রিক চাপ তৈরি করে। ২০২০ সালে 'অস্টিওপোরোসিস ইন্টারন্যাশনাল'–এ প্রকাশিত একটি সিস্টেমেটিক রিভিউ ও মেটা-এনালাইসিসে মেনোপজ-পরবর্তী নারীদের ক্ষেত্রে রেজিস্ট্যান্স এক্সারসাইজ ও হাড়ের মিনারেল ডেনসিটির ইতিবাচক সম্পর্কের প্রমাণ পাওয়া গেছে।

হাঁটা ও স্ট্রেংথ ট্রেনিং একে অপরের বিকল্প নয়; বরং উভয়ের কাজ আলাদা। স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য একটি ভারসাম্যপূর্ণ রুটিন অনুসরণ করা উচিত, যেখানে হাঁটার পাশাপাশি সপ্তাহে কয়েক দিন শারীরিক সক্ষমতা অনুযায়ী স্ট্রেংথ ট্রেনিং অন্তর্ভুক্ত থাকবে। তবে দীর্ঘদিন ব্যায়াম না করা, হাড়ের দুর্বলতা, গুরুতর ব্যথা বা কোনো দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যা থাকলে নতুন ব্যায়াম শুরু করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন।

লেখক: রাইসা মেহজাবীন, ফিটনেস পুষ্টিবিদ, বি.এসসি (অনার্স), ফুড অ্যান্ড নিউট্রিশন, ডিইউ এমপিএইচ (চলমান), পাবলিক হেলথ নিউট্রিশন, নর্থ সাউথ ইউনিভার্সিটি; পিজিটি (Nutrition and Fitness Training), ইন্সপিরন ফিটনেস এন্ড ডায়েট কনসালটেন্সি সেন্টার; স্পেশালাইজড ইন ফিটনেস নিউট্রিশন ট্রেনিং, নিউট্রিশন সলিউশনস; ব্রাঞ্চ ম্যানেজার ও ফিটনেস কোচ, ইন্সপিরন ফিটনেস এন্ড ডায়েট কনসালটেন্সি সেন্টার, ধানমন্ডি ব্রাঞ্চ; প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), নিউট্রিশন ফর চেঞ্জ।

শেয়ার করুন