ভেনেজুয়েলায় রাজনৈতিক উত্তরণ নিয়ে প্রথম দিনের সংলাপ অনুষ্ঠিত

প্রকাশ:

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বৃহস্পতিবার দেশটির অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি এবং বিরোধী পক্ষের মধ্যে রাজনৈতিক উত্তরণ নিয়ে আলোচনার প্রথম দিনের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এএফপির একজন আলোকচিত্রী এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

যুক্তরাষ্ট্রের অভিযানে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার সাত মাস পর এই সংলাপ প্রক্রিয়া শুরু হলো। বর্তমানে ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ভেনেজুয়েলার দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট নিরসনে এই সংলাপের মাধ্যমে অবাধ ও গ্রহণযোগ্যতার মাধ্যমে দেশে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পথ তৈরি হবে বলে জনগণের প্রত্যাশা রয়েছে।

আলোচনায় বিরোধী দলের প্রতিনিধিত্ব করছেন দিনোরাহ ফিগুয়েরা, যিনি বুধবার নির্বাসন থেকে দেশে ফিরেছেন। অন্যদিকে, সরকারের পক্ষে অংশ নিয়েছেন জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ, যিনি অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের ভাই। বিমানবন্দর থেকে সরাসরি আলোচনায় অংশ নেওয়ার সময় ফিগুয়েরা স্থানীয় টিভি স্টেশন টেলেভেনকে বলেন, এই সংলাপ প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা তাদের মূল লক্ষ্য এবং এর মাধ্যমে ভেনেজুয়েলায় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে তারা আশা করছেন।

তবে বিরোধী শিবিরের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো বর্তমানে নির্বাসনে থাকায় তাকে এই সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি। বৈঠক শেষে উভয় পক্ষ এক যৌথ বিবৃতিতে জানায়, তারা সদিচ্ছার ভিত্তিতে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। তারা ভেনেজুয়েলার চলমান সংকটের রাজনৈতিক, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সাংবিধানিক সমাধান খুঁজে বের করার লক্ষ্যে কাজ করবে।

শেয়ার করুন