অনিয়মিত অভিবাসন রোধে যুক্তরাজ্যের সঙ্গে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ

প্রকাশ:

শোষণ, অনিয়মিত অভিবাসন এবং মানবপাচার প্রতিরোধে যুক্তরাজ্যের সঙ্গে যৌথভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে দক্ষ ও মানসম্পন্ন জনশক্তি তৈরি, নিরাপদ কর্মসংস্থান নিশ্চিতকরণ এবং অভিবাসী কর্মীদের অধিকার ও মর্যাদা রক্ষার বিষয়ে সরকারের দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি।

রবিবার (৯ আগস্ট) প্রবাসী কল্যাণ মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ উপস্থিত ছিলেন।

বৈঠকে মন্ত্রী এফসিডিও, আইএলও ও বিশ্বব্যাংকের অংশীদারত্বে চলমান ‘রাইজ’ প্রকল্পের মাধ্যমে বিদেশফেরত কর্মীদের টেকসই পুনর্বাসন ও সামাজিক পুনঃএকত্রীকরণের কার্যক্রম অব্যাহত রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এছাড়া দুই দেশের দ্বিপক্ষীয় আলোচনার সিদ্ধান্তগুলো বাস্তবায়ন এবং অভিবাসন ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম তদারকির জন্য একটি ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনের ওপর জোর দেন তিনি।

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জানান, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশে দক্ষ জনশক্তি তৈরিতে যুক্তরাজ্য সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী। তিনি বাংলাদেশ থেকে নিরাপদ, নিয়মিত ও যৌক্তিক ব্যয়ে শ্রম অভিবাসনের বিষয়ে যুক্তরাজ্যের উদ্বেগের কথা জানান। পাশাপাশি, অভিবাসন ব্যবস্থার উন্নয়নে সহযোগিতা জোরদার এবং গ্লোবাল কমপ্যাক্ট অন মাইগ্রেশন বাস্তবায়নে যুক্তরাজ্যের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

যুক্তরাজ্যে অনিয়মিত অভিবাসনের বিষয়ে সারাহ কুক বলেন, ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের ব্যাপারে দেশটির সরকার ও জনগণ অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। তিনি উল্লেখ করেন, বর্তমানে যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের তালিকায় শীর্ষ পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশও রয়েছে। তবে সম্প্রতি আবেদনকারীদের মধ্যে খুব কম সংখ্যক আবেদনই মঞ্জুর হয়েছে এবং অন্যদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে।

হাইকমিশনার আরও জানান, আশ্রয়ের আবেদন নাকচ হওয়ার পর কেউ স্বেচ্ছায় দেশে ফিরতে চাইলে তাকে পুনর্বাসনের জন্য ৩ হাজার পাউন্ড আর্থিক সহায়তা দেওয়া হয়। তবে আইনি প্রক্রিয়ায় ডিপোর্ট করা হলে এই বিশেষ সুবিধাটি আর প্রযোজ্য হবে না।

শেয়ার করুন