দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা ও উদ্ভাবনে বৈশ্বিক সহযোগিতা সম্প্রসারণ এবং বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দেশের প্রতিটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ‘ইন্টারন্যাশনাল ও রিসার্চ অফিস’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
মঙ্গলবার ইউজিসিতে আয়োজিত ‘ইরাসমাস প্লাস ইনফো সেশন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এই উদ্যোগের কথা জানান। তিনি বলেন, বর্তমান বিশ্বে উচ্চশিক্ষার গুণগত মান ও বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অবস্থান বৈশ্বিক নেটওয়ার্ক এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতার ওপর অনেকাংশে নির্ভরশীল। তাই বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে বিচ্ছিন্নভাবে না রেখে আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা ব্যবস্থার সক্রিয় অংশীদার হিসেবে গড়ে তুলতে কমিশন কাজ করছে।
এই অফিসগুলোর মাধ্যমে বিদেশি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে প্রাতিষ্ঠানিক যোগাযোগ জোরদার, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা, দ্বৈত ডিগ্রি কর্মসূচি, আন্তর্জাতিক গবেষণা অনুদান আহরণ এবং যৌথ গবেষণাগার ও উদ্ভাবন কেন্দ্র প্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে। ইউজিসি চেয়ারম্যান জানান, এই অফিসগুলো শুধু অংশীদার খোঁজার কাজ করবে না, বরং বৃত্তি, ফেলোশিপ ও যৌথ প্রকল্পের সুযোগগুলো চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়গুলোকে তা কার্যকরভাবে কাজে লাগাতে সহায়তা করবে।
ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। কমিশনের পাঁচ বছর মেয়াদি কৌশলপত্র ও উন্নয়ন প্রকল্পেও বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই অফিসগুলোকে কার্যকর ও টেকসই করতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা, দক্ষ জনবল উন্নয়ন ও অর্থায়নের বিষয়ে ইউজিসি সহযোগিতা করবে। প্রতিটি বিশ্ববিদ্যালয়কে নিজস্ব সক্ষমতা অনুযায়ী একটি আন্তর্জাতিকীকরণ কৌশল প্রণয়ন করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
বিদেশে অবস্থানরত বাংলাদেশি মেধাবীদের কাজে লাগানোর বিষয়ে ড. মামুন আহমেদ বলেন, আমরা বিষয়টিকে কেবল ‘ব্রেন ড্রেন’ হিসেবে না দেখে ‘ব্রেন সার্কুলেশন’ হিসেবে দেখতে চাই। বিদেশে কর্মরত বাংলাদেশি শিক্ষক, গবেষক ও পেশাজীবীদের নিয়ে একটি একাডেমিক ডায়াসপোরা নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে, যার মাধ্যমে তারা দেশের বিশ্ববিদ্যালয়ের গবেষণা, পাঠদান ও সক্ষমতা উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।
অনুষ্ঠানে ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে কার্যকরভাবে যুক্ত করতে যৌথ গবেষণা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব, অধ্যাপক ড. মো. মেহেদী হাসান খান, অধ্যাপক ড. নিয়াজ আহমেদ চৌধুরী, সচিব ড. ফখরুল ইসলাম, আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক ড. সুলতান মাহমুদ ভূঁইয়া, বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগের পরিচালক জেসমিন পারভীন এবং ইরাসমাস প্লাস ন্যাশনাল ফোকাল পয়েন্টস নেটওয়ার্কের এশিয়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আশিকুর রহমানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





