সংযুক্ত আরব আমিরাতের বাইরে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের রেসিডেন্সি ভিসা হঠাৎ করে বাতিল হয়ে যাওয়ার বিষয়টি প্রবাসীদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠার জন্ম দিয়েছে। ছুটিতে থাকা বা অন্য কোনো কারণে আমিরাতের বাইরে অবস্থানকারী অনেক বাংলাদেশির ভিসা কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই বাতিল হওয়ার তথ্য দূতাবাস কর্তৃপক্ষের নজরে এসেছে।
এই পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, এটি কোনো কারিগরি ত্রুটির কারণে ঘটছে নাকি কোনো বিশেষ প্রশাসনিক সিদ্ধান্তের অংশ, তা নিশ্চিত হতে তারা সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাচ্ছে। দূতাবাস কর্তৃপক্ষ সঠিক তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা পাওয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
দূতাবাসের পক্ষ থেকে এক বার্তায় প্রবাসীদের গুজবে কান না দিয়ে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে। মিশন জানিয়েছে, বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন পর্যায়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাই অবগত আছেন এবং নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। নির্ভুল তথ্য পাওয়া মাত্রই সরকারের সঙ্গে সমন্বয় করে প্রবাসীদের বিষয়টি অবহিত করা হবে।
একইসঙ্গে, যেকোনো পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে দূতাবাস। পাশাপাশি, প্রবাসী বাংলাদেশিদের সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের প্রচলিত আইন-কানুন মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।





