বিলিয়ন ডলার ক্লাবে ‘দ্য ওডিসি’, নোলানের ক্যারিয়ারে নতুন রেকর্ড

প্রকাশ:

ক্রিস্টোফার নোলানের বহুল আলোচিত সিনেমা ‘দ্য ওডিসি’ বক্স অফিসে অভাবনীয় সাফল্য পেয়েছে। গত ১৭ জুলাই মুক্তি পাওয়ার পর মাত্র তিন সপ্তাহের ব্যবধানে সিনেমাটি বিশ্বব্যাপী ১০০ কোটি ডলারের মাইলফলক অতিক্রম করেছে। এই অর্জনের মাধ্যমে এটি এখন কাঙ্ক্ষিত ‘বিলিয়ন ডলার ক্লাব’-এর সদস্য।

বক্স অফিসের তথ্য অনুযায়ী, উত্তর আমেরিকা থেকে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৪২ কোটি ৯৬ লাখ ৫০ হাজার ডলার। পাশাপাশি আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ৫৭ কোটি ৮৮ লাখ ডলার। সব মিলিয়ে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় ১০০ কোটি ডলার ছাড়িয়েছে।

পরিচালক নোলানের ক্যারিয়ারে এই সিনেমাটি বিশেষ তাৎপর্য বহন করছে। ২০১২ সালে মুক্তি পাওয়া ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এর পর তার আর কোনো সিনেমা এক বিলিয়ন ডলারের বেশি আয় করতে পারেনি। সেই হিসেবে ‘দ্য ওডিসি’ নোলানের ক্যারিয়ারের নতুন রেকর্ড গড়ার পথে রয়েছে এবং তার সর্বোচ্চ আয়ের সিনেমা হওয়ার দৌড়েও এগিয়ে আছে।

গ্রিক কবি হোমারের কালজয়ী মহাকাব্য অবলম্বনে নির্মিত এই সিনেমায় গ্রিক রাজা ওডিসিয়াসের বিপদসংকুল স্বদেশযাত্রার কাহিনি তুলে ধরা হয়েছে। ট্রয় যুদ্ধ শেষে ইথাকায় ফেরার পথে সমুদ্রযাত্রায় তিনি যেসব অজানা শক্তি ও বাধার মুখোমুখি হন এবং পরিবারে ফেরার যে দীর্ঘ সংগ্রাম, তা-ই সিনেমাটির মূল উপজীব্য। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন ম্যাট ডেমন। এছাড়া অ্যান হ্যাথাওয়ে, টম হল্যান্ড, জেন্ডায়া, রবার্ট প্যাটিনসন ও শার্লিজ থেরনের মতো তারকারা এতে অভিনয় করেছেন।

সিনেমাটির বক্স অফিস যাত্রা এখনো শেষ হয়নি। কারণ, বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র বাজার চীনে এটি এখনো মুক্তি পায়নি। আগামী ১৪ আগস্ট চীনের হাজার হাজার প্রেক্ষাগৃহে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। সেখানে প্রায় ৮০০টি আইম্যাক্স পর্দা থাকায় চীনের বাজার থেকে সিনেমাটির আয়ে বড় ধরনের সংযোজন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদমাধ্যম ভ্যারাইটির তথ্য অনুযায়ী, মহামারি পরবর্তী সময়ে এক বছরে এক বিলিয়ন ডলার আয় করা সিনেমার সংখ্যা বিবেচনায় ২০২৬ সাল বেশ উল্লেখযোগ্য। ‘দ্য ওডিসি’ চলতি বছরে এই মাইলফলক স্পর্শ করা পঞ্চম সিনেমা হিসেবে তালিকায় যুক্ত হয়েছে। এর আগে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, ‘টয় স্টোরি ৫’, ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’ ও ‘মাইকেল’ এই তালিকায় স্থান করে নিয়েছে।

শেয়ার করুন