দেশে ৩৮৬টি কিশোর গ্যাং, সদস্য সংখ্যা ৪ হাজার ২৫০ জনের বেশি

প্রকাশ:

সারা দেশে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য উদ্বেগজনক হারে বেড়েছে। পুলিশ সদরদপ্তরের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ৩৮৬টি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। এসব গ্যাংয়ের মোট সদস্য সংখ্যা ৪ হাজার ২৫০ জনেরও বেশি। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই, মাদক কারবার, দখলদারি এবং আধিপত্য বিস্তারের মতো নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে গ্যাংগুলোর অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনাও ঘটছে।

পুলিশের তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকায় কিশোর গ্যাংয়ের সংখ্যা ১৫৯টি। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হিসাবমতে, এই গ্যাংগুলোর মোট সদস্য সংখ্যা ১ হাজার ৮১২ জন। রাজধানীর বিভিন্ন এলাকার মধ্যে মোহাম্মদপুরে সবচেয়ে বেশি গ্যাং সক্রিয়, যেখানে ২৭টি গ্যাংয়ের সদস্য সংখ্যা সাড়ে ৩০০-এর বেশি। এছাড়া পল্লবী থানা এলাকায় রয়েছে ১৬টি গ্যাং।

অন্যদিকে, ঢাকার বাইরে বিভিন্ন মহানগর ও জেলায় মোট ২২৭টি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে, যার সদস্য সংখ্যা ২ হাজার ৫৫০ জন। মহানগরগুলোর মধ্যে চট্টগ্রামেই সবচেয়ে বেশি ৯৮টি গ্যাংয়ের উপস্থিতি পাওয়া গেছে। এছাড়া রাজশাহীতে ১৩টি, সিলেটে ১৫টি, গাজীপুর মহানগরে ১৩টি এবং খুলনায় ৭টি গ্যাং রয়েছে। জেলা পর্যায়ে কিশোর গ্যাংয়ের সক্রিয়তার দিক দিয়ে শীর্ষে রয়েছে নোয়াখালী, যেখানে ২৫টি গ্যাং কার্যক্রম চালাচ্ছে।

শেয়ার করুন