দেশের সরকারি কলেজগুলোতে শিক্ষার মানোন্নয়নের পথে অন্যতম প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে তীব্র শিক্ষক সংকট। অনুমোদিত পদের তুলনায় অনেক প্রতিষ্ঠানেই শিক্ষকের সংখ্যা অপ্রতুল। বিশেষ করে বিভিন্ন বিভাগে দীর্ঘকাল ধরে গুরুত্বপূর্ণ পদগুলো শূন্য থাকায় নিয়মিত পাঠদান প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একজন শিক্ষককে বাধ্য হয়েই একাধিক কোর্স বা বিষয় পড়াতে হচ্ছে, যা সরাসরি শিক্ষার গুণগত মানকে প্রভাবিত করছে। এর পাশাপাশি শিক্ষকদের ওপর অর্পিত প্রশাসনিক দায়িত্ব, বিভিন্ন সরকারি কর্মকাণ্ড এবং পরীক্ষাসংক্রান্ত কাজের বাড়তি চাপ শ্রেণিকক্ষে তাদের পর্যাপ্ত সময় দেওয়ার ক্ষেত্রে বড় বাধা হয়ে উঠছে।
শিক্ষক সংখ্যা বৃদ্ধির পাশাপাশি তাদের পেশাগত দক্ষতা উন্নয়নও অত্যন্ত জরুরি। বর্তমান বিশ্ব চতুর্থ শিল্পবিপ্লব, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল প্রযুক্তির যুগে প্রবেশ করলেও আমাদের অনেক কলেজে এখনো প্রচলিত মুখস্থনির্ভর শিক্ষা ব্যবস্থার প্রভাব রয়ে গেছে। এই ধারা থেকে বেরিয়ে আসতে শিক্ষকদের জন্য নিয়মিত প্রশিক্ষণ, গবেষণার সুযোগ এবং আধুনিক শিক্ষণ-পদ্ধতির সাথে পরিচিত হওয়ার পরিবেশ তৈরি করা প্রয়োজন।
অবকাঠামোগত সীমাবদ্ধতাও শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ। পর্যাপ্ত শ্রেণিকক্ষ, আধুনিক ল্যাবরেটরি, গ্রন্থাগারি, গ্রন্থাগার এবং প্রযুক্তিনির্ভর উপকরণের অভাবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষার সুযোগ সীমিত হয়ে পড়ছে। পাঠ্যবইনির্ভর শিক্ষার বাইরে বাস্তবমুখী ও প্রযুক্তিভিত্তিক শিক্ষার পরিবেশ এখনো অনেক কলেজে গড়ে ওঠেনি। এছাড়া গবেষণার সুযোগ ও তহবিলের অভাব উচ্চশিক্ষার মানকে বাধাগ্রস্ত করছে, ফলে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে গবেষণামুখী মনোভাব গড়ে উঠছে না।
বর্তমান চাকরির বাজারের চাহিদার সাথে একাডেমিক শিক্ষার যে ব্যবধান রয়েছে, তা দূর করা এখন সময়ের দাবি। শুধু সনদ নয়, বরং যোগাযোগ দক্ষতা, তথ্যপ্রযুক্তি জ্ঞান, সমস্যা সমাধানের সক্ষমতা এবং নেতৃত্বের গুণাবলি অর্জনে শিক্ষার্থীদের সহায়তা প্রয়োজন। সরকারি কলেজের শিক্ষার মানোন্নয়নে শূন্য পদ দ্রুত পূরণ, গবেষণা ও প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি, আধুনিক অবকাঠামো নিশ্চিতকরণ, সহশিক্ষা কার্যক্রমের প্রসার এবং শিক্ষা ও কর্মসংস্থানের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন করা এখন অপরিহার্য।





