সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

প্রকাশ:

সিলেটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেট মহানগর বিএনপির উদ্যোগে নগরীর রেজিস্টারি মাঠ থেকে এই কর্মসূচি শুরু হয়। বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে জাতীয় ও দলীয় পতাকা এবং বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে র‌্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-১ আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, স্বৈরাচার উৎখাতের পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া দেশকে পুনরুদ্ধার ও কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনের লক্ষ্যে জনগণ বিপুল প্রত্যাশা নিয়ে বিএনপি ও দলের নেতা তারেক রহমানের ওপর দায়িত্ব ন্যস্ত করেছে। তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী দিনে আমাদের মূল কাজ একটাই, সবকিছুর আগে বাংলাদেশ। দেশের স্বার্থ ও জনগণের কল্যাণকে সবার ওপরে রেখে আমাদের কাজ করে যেতে হবে।

৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও জুলাইয়ের আন্দোলনের স্মৃতিচারণ করে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, তরুণ, যুবক ও গৃহিণীসহ সর্বস্তরের মানুষের আত্মত্যাগের বিনিময়ে দেশে পরিবর্তন এসেছে। জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে তিনি নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী এবং জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম। এছাড়াও মহানগর বিএনপি ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা এতে অংশ নেন। সুশৃঙ্খলভাবে নগরীর প্রধান সড়কসমূহ প্রদক্ষিণের মাধ্যমে র‌্যালিটি শেষ হয়।

শেয়ার করুন