দেশের কর্পোরেট এবং এফএমসিজি খাতের অভিজ্ঞ ও খ্যাতনামা ব্যবসায়ী নির্বাহী সৈয়দ আলমগীর নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি এখন থেকে 'প্রাসাদ গ্রুপ' এবং 'নর্দান এডুকেশন গ্রুপ'-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রায় পাঁচ দশকের দীর্ঘ কর্মজীবনে সৈয়দ আলমগীর বিপণন, ব্র্যান্ড ব্যবস্থাপনা এবং কার্যকর নেতৃত্বের জন্য সুপরিচিত। বিশেষ করে এফএমসিজি খাতে ‘হালাল’ ধারণাকে একটি শক্তিশালী বিপণন কৌশল হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রে তাকে পথিকৃৎ হিসেবে গণ্য করা হয়। তার উদ্ভাবনী কর্মপদ্ধতি ও কেস স্টাডি বিশ্বখ্যাত বিপণন বিশেষজ্ঞ ফিলিপ কোটলারের ‘প্রিন্সিপালস অব মার্কেটিং’ গ্রন্থে স্থান পেয়েছে। এছাড়া ২০১৯ সালে তিনি বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম থেকে ‘দ্য মার্কেটিং সুপারস্টার’ সম্মাননা অর্জন করেন।
সৈয়দ আলমগীরের বর্ণাঢ্য কর্মজীবনের সূচনা হয় ১৯৭৬ সালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ সম্পন্ন করার পর। তিনি মে অ্যান্ড বেকার (বর্তমানে সানোফি) প্রতিষ্ঠানে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে যমুনা গ্রুপে কাজ করার সময় তিনি ‘অ্যারোমেটিক’ সাবান এবং ‘পেগাসাস’ জুতার ব্যবসায়িক সাফল্য এনে দেন। এসিআই লিমিটেডে নির্বাহী পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এসিআই সল্ট ও পিওরসহ ১৭টি নতুন ব্র্যান্ড চালু করে ব্যবসায়িক প্রবৃদ্ধিতে অভাবনীয় ভূমিকা রাখেন।
পেশাগত জীবনের বাইরেও তিনি বিভিন্ন শীর্ষস্থানীয় ব্যবসায়ী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত জীবনে সৈয়দ আলমগীর সালমা আলমগীরের স্বামী এবং তিন কন্যাসন্তানের জনক।





