ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ছড়িয়েছে ছাত্র আন্দোলন

প্রকাশ:

ভারতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত তরুণরা দিল্লির যন্তর-মন্তর থেকে সরে যেতে অস্বীকৃতি জানিয়েছেন। সংসদের প্রধান বিরোধী দল কংগ্রেসের সমর্থন পাওয়ার পর এই আন্দোলনের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে। বুধবার (২২ জুলাই) দিল্লির পাশাপাশি মুম্বাই, বেঙ্গালুরু ও পাটনার মতো শহরগুলোতেও বিক্ষোভের খবর পাওয়া গেছে।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, পাটনায় আন্দোলনকারী তরুণদের সমাবেশে পুলিশ টিয়ারশেল ও জলকামান ব্যবহার করেছে। এছাড়া গুজরাটের আহমেদাবাদে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর কয়েকজন সমর্থককে আটক করেছে পুলিশ। সিজেপির নেতৃত্বে পরিচালিত এই আন্দোলন নরেন্দ্র মোদি সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, সরকার আমাদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। আরেক বিক্ষোভকারীর মতে, প্রথমবারের মতো দেশের তরুণরা নিজেদের আওয়াজ তুলে ধরার সুযোগ পেয়েছে। তিনি আরও বলেন, পুলিশের বলপ্রয়োগের কারণে ভয় থাকলেও আন্দোলন চালিয়ে যাওয়া ছাড়া অন্য কোনো পথ নেই। এখানে পুরো ব্যবস্থা পরিবর্তনের প্রয়োজন এবং রাজনৈতিক নেতাদের কাজের জবাবদিহি নিশ্চিত করতে হবে।

আগের দিন আটক হওয়া কংগ্রেস নেতা রাহুল গান্ধী বুধবার কালো পোশাক পরে সংসদে উপস্থিত হন এবং সরকারের কাছে জবাবদিহি দাবি করেন। পরে তিনি সাংবাদিকদের জানান, ছাত্রদের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে এবং তাদের সুরক্ষা ও ভবিষ্যতের বিষয়টি নিশ্চিত করা হবে।

এর আগে মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন। তিনি দাবি করেন, সরকার সংস্কারের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ এবং সংসদে বিষয়টি নিয়ে আলোচনা করবে। তবে শিক্ষামন্ত্রীর এই আশ্বাসের পরও বুধবার যন্তর-মন্তরে বিক্ষোভকারীদের জমায়েত অব্যাহত ছিল।

শেয়ার করুন