বিশ্বকাপ ফাইনালে গ্যালারিতে থাকছেন স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ

প্রকাশ:

ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচটি সরাসরি উপভোগ করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বাংলাদেশ সময় রোববার (১৯ জুলাই) দিবাগত রাতে নিউ জার্সির স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী এই লড়াইয়ে আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন। স্পেন সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর এই সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সরকারি সূত্র জানিয়েছে, জাতীয় দলের খেলোয়াড়দের উৎসাহ জোগাতে গ্যালারিতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। তার পাশাপাশি স্পেনের রাজপরিবারের সদস্যরাও ফাইনাল ম্যাচটি দেখতে মাঠে উপস্থিত থাকবেন। রাজপ্রাসাদের তথ্য অনুযায়ী, স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, রানি লেতিসিয়া এবং তাদের দুই কন্যা নিউ জার্সির স্টেডিয়ামে বসেই ফাইনাল উপভোগ করবেন।

ফাইনালে বিশ্বনেতাদের উপস্থিতির বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছে। জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই ম্যাচটিতে উপস্থিত থাকতে পারেন। উল্লেখ্য যে, সমাজতান্ত্রিক নেতা পেদ্রো সানচেজ ট্রাম্পের বিভিন্ন নীতির কড়া সমালোচক হিসেবে পরিচিত, তাই দুই নেতার সম্ভাব্য উপস্থিতি ফুটবলপ্রেমীদের মাঝে বাড়তি আগ্রহ তৈরি করেছে।

তবে এই ম্যাচ থেকে নিজেকে দূরে রেখেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। তিনি জানিয়েছেন, নিজের দলের সৌভাগ্যের কথা বিবেচনা করে তিনি মাঠে কিংবা টেলিভিশনে খেলাটি দেখবেন না। বিশ্বকাপের এই ফাইনালকে ঘিরে মাঠের লড়াইয়ের পাশাপাশি গ্যালারিতেও বিশ্বনেতাদের উপস্থিতির বিশেষ আকর্ষণ তৈরি হয়েছে।

শেয়ার করুন