বিতর্কিত নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে টানা ২০ দিন ধরে অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুককে রাজধানীর যন্তর মন্তর থেকে সরিয়ে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। শনিবার ভোরে দিল্লি পুলিশের একটি বিশেষ দল যন্তর মন্তরে পৌঁছে ৫৯ বছর বয়সী ওয়াংচুককে দিল্লির সাফদারজং হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের বেশিরভাগই ছিলেন সাদা পোশাকে। তারা অনশনস্থলের চারপাশে সাদা চাদরের পর্দা টাঙিয়ে একটি কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলেন। পরিস্থিতি বুঝে ওঠার আগেই ওয়াংচুককে দ্রুত অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় আন্দোলনের নেতৃত্বে থাকা ককরোচ জনতা পার্টির নেতাকর্মীরা স্লোগান দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। তবে দিল্লি পুলিশের দাবি, সর্বোচ্চ সংযম প্রদর্শন করে শান্তিপূর্ণভাবেই ওয়াংচুককে হাসপাতালে নেওয়া হয়েছে।
দিল্লি পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, উচ্চ আদালতের নির্দেশ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দীর্ঘদিনের অনশনের ফলে ওয়াংচুকের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছিল এবং তার জরুরি চিকিৎসার প্রয়োজন ছিল। সংবাদ সংস্থা এএনআইয়ের তথ্য অনুযায়ী, সাফদারজং হাসপাতালে ভর্তি ওয়াংচুক বর্তমানে সচেতন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে চিকিৎসকরা আগেই সতর্ক করেছিলেন যে, তার গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। গত দুই দিনে প্রকাশিত স্বাস্থ্য প্রতিবেদনে দেখা গেছে, অনশনের কারণে তার ওজন আট কেজিরও বেশি কমেছে। একই সঙ্গে পুলিশ আন্দোলনকারীদের দ্রুত এবং শান্তিপূর্ণভাবে যন্তর মন্তর এলাকা খালি করার আহ্বান জানিয়েছে।
হাসপাতালে নেওয়ার আগের দিন সমর্থকদের উদ্দেশে সোনম ওয়াংচুক ঘোষণা করেছিলেন, আগামী ২০ জুলাই সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে তারা সংসদ ভবনের উদ্দেশে শান্তিপূর্ণ পদযাত্রা করবেন। তিনি বলেছিলেন, আমি বাইরে থেকে দুর্বল হলেও ভেতর থেকে খুবই শক্তিশালী। আমাদের এই শক্তি ২০ জুলাইয়ের জন্য ধরে রাখতে হবে। আমরা সবাই একসঙ্গে গণতন্ত্রের মন্দির সংসদে গিয়ে আমাদের দাবি তুলে ধরব। সমর্থকদের উদ্দেশে রসিকতার সুরে তিনি আরও যোগ করেন, আমি যেকোনো মূল্যে ২০ জুলাই পর্যন্ত বেঁচে থাকব। যদি আপনারা না আসেন এবং ২০ জুলাইয়ের কর্মসূচি সফল না হয়, তাহলে আমি ভূত হয়ে ফিরে আসব।





