নাটোরের সিংড়া উপজেলায় বুলবুলি খাতুন নামের সাত মাসের এক অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মো. আব্দুল্লাহর বিরুদ্ধে। মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কুঞ্চী গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত বুলবুলি খাতুন ও মো. আব্দুল্লাহ দম্পতির চার বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে একপর্যায়ে আব্দুল্লাহ ধারালো অস্ত্র দিয়ে তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর অভিযুক্ত আব্দুল্লাহ পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করেন। পরবর্তীতে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত আব্দুল্লাহকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



