শাহজাদপুরে যমুনার তীরে তালবীজ বপন শুরু, কমবে বজ্রপাতের ঝুঁকি

প্রকাশ:

সিরাজগঞ্জের শাহজাদপুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধের দুই পাশে তালবীজ বপন কর্মসূচি শুরু হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বজ্রপাতের ঝুঁকি কমানোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সাংবাদিক ও সমাজকর্মী আব্দুল্লাহ আল মাহমুদের ব্যক্তিগত উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

৯ সেপ্টেম্বর বুধবার শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন উপজেলার পাঁচিল এলাকা থেকে এনায়েতপুরগামী যমুনা নদীর তীর রক্ষা বাঁধের দুই পাশে তালবীজ বপন কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, জালালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনকালে ইউএনও সাবরিনা শারমিন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই, এবং তালগাছ পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সাংবাদিক ও সমাজকর্মী আব্দুল্লাহ আল মাহমুদের গত সাত বছরের উদ্যোগকে নিঃসন্দেহে প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, তালগাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও তাল থেকে রস, পিঠা-পায়েসসহ বিভিন্ন খাদ্য তৈরি হয়, যা গ্রামীণ অর্থনীতিতেও অবদান রাখে।

কর্মসূচির উদ্যোক্তা আব্দুল্লাহ আল মাহমুদ জানান, তিনি গত সাত বছর ধরে শাহজাদপুরের বিভিন্ন সড়কের পাশে ও শিক্ষাপ্রতিষ্ঠানের সীমানায় তালবীজ বপন করে আসছেন। গত পাঁচ বছরে তিনি প্রায় ৩০ হাজার তালবীজ বপন করেছেন, যার মধ্যে অনেকগুলোই ইতোমধ্যে গাছে পরিণত হয়ে বিভিন্ন সড়কের পাশে দৃশ্যমান হয়ে উঠেছে।

তিনি আরও জানান, এর আগেও গত দুই বছর ধরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধের দুটি স্লোপে প্রায় ১০ ফুট পরপর তিনটি করে সারিতে তালবীজ বপন করা হয়েছে। জিরো পয়েন্ট থেকে জগতলা পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকায় বপন করা এসব তালবীজের বেশ কিছু অংশ ইতিমধ্যে তালগাছে পরিণত হয়েছে। আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি কমানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পরিবেশ নিশ্চিত করতে তিনি এই উদ্যোগ অব্যাহত রাখতে চান।

শেয়ার করুন