বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশ সরাসরি অংশগ্রহণ না করলেও, পুরো টুর্নামেন্ট জুড়ে আলোচনায় ছিল দেশটির নাম। এর মূল কারণ আর্জেন্টিনার প্রতি বাংলাদেশি সমর্থকদের অভাবনীয় সমর্থন ও উন্মাদনা। এই ভালোবাসার বিষয়টি নজর এড়ায়নি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির। সেমিফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
স্কালোনি বলেন, বাংলাদেশের মানুষদের ধন্যবাদ জানাই। তারা সবসময় আমাদের অবাক করে। এত দূরে থেকেও আর্জেন্টিনার সমর্থক হওয়াটা সত্যিই অবিশ্বাস্য। জার্সি গায়ে এত দূরের মানুষদের দেখতে সবসময়ই ভালো লাগে। তাদের আরও একটি আনন্দ দিতে পারলে আমরা খুশি হব।
পুরো বিশ্বকাপ জুড়ে আর্জেন্টিনার প্রতিটি জয়ের পর ঢাকার রাস্তায় মিছিল, আতশবাজি এবং আলবিসেলেস্তের জার্সিতে শহর ছেয়ে যাওয়ার দৃশ্য বিশ্বমিডিয়ার নজর কেড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এসব দৃশ্য হাজার হাজার কিলোমিটার দূর থেকেও স্কালোনিকে দারুণভাবে নাড়া দিয়েছে।
এদিকে, আটলান্টার মার্সিডিজ-বেনজ স্টেডিয়ামে আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। এর আগে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। এবার সেই ফাইনালে পৌঁছানোর লক্ষ্যে ইংল্যান্ডকে হারানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে স্কালোনির শিষ্যরা।





