চাঁদাবাজির ঘটনায় সন্দ্বীপ ছাত্রদল নেতা শহিদুল ইসলাম বহিষ্কার

প্রকাশ:

কুমিরা-গুপ্তছড়া নৌঘাটে চাঁদাবাজির অভিযোগ এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শহিদুল ইসলামকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। এই নৌঘাটে চাঁদাবাজিকে কেন্দ্র করে নৌ-যোগাযোগ বন্ধ থাকা এবং এর জেরে বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিনের মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে এই সাংগঠনিক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শনিবার চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাজিম উদ্দীনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই শহিদুল ইসলামকে তার পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল এই বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন। একই সঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে শহিদুল ইসলামের সঙ্গে যেকোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও সংশয় রয়ে গেছে। তাদের অভিযোগ, শহিদুল ইসলামকে বহিষ্কার করলেই ঘাটকেন্দ্রিক চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অবসান ঘটবে না। স্থানীয়দের দাবি, এই ঘটনার নেপথ্যে থাকা মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

শেয়ার করুন