পার্বত্য মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী মঙ্গলবার দুপুরে তার নির্বাচনী এলাকা বান্দরবানে পৌঁছালে তাকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। মন্ত্রীর আগমন উপলক্ষে পুরো বান্দরবান শহর তোরণে ছেয়ে যায়। জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের রাজার মাঠ থেকে একটি বিশাল মিছিল বের করেন। এর আগে মন্ত্রী গাড়িবহর নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করেন এবং পরবর্তীতে প্রেসক্লাব চত্বরে আয়োজিত গণসংবর্ধনা সভায় অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী সাচিং প্রু জেরী পাহাড়ের প্রান্তিক মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, এলাকাভিত্তিক প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়ে বাস্তবমুখী প্রকল্প গ্রহণ করা হবে। পার্বত্য এলাকার মানুষের জন্য প্রতিটি দিন ও সময়কে কাজে লাগাতে সবার সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। মন্ত্রী সব দল ও জাতিসত্তার মানুষকে সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর চিন্তা, চেতনা ও ধ্যান-ধারণার সাথে একমত হয়ে তিনি পার্বত্যবাসীর ভ্যানগার্ড হিসেবে কাজ করে যেতে চান। এছাড়া কক্সবাজারের অতিরিক্ত দায়িত্বের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, সেখানকার তিনজন সংসদ সদস্যের সহযোগিতা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সমন্বয় করে ওই এলাকার উন্নয়নে কাজ করার পরিকল্পনা রয়েছে তার। জেলা বিএনপির সিনিয়র নেতা অধ্যাপক মো: ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে তিনি তার নির্বাচনী এলাকা বান্দরবানে এসে পৌঁছালে তাকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়।





