প্রধানমন্ত্রী তারেক রহমান ও দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে কটূক্তি এবং অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মশাল মিছিল করেছে তারাবো পৌর যুবদল। গত বুধবার (৫ আগস্ট) রাতে উপজেলার রূপসী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
তারাবো পৌর যুবদলের আহ্বায়ক আফজাল কবিরের নেতৃত্বে আয়োজিত এই মশাল মিছিলে পৌর যুবদল ও এর বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিল শেষে সেখানেই একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তারা উল্লেখ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগের দমন-পীড়ন ও নানা বাধা উপেক্ষা করে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন।
আফজাল কবির তার বক্তব্যে বলেন, ‘‘তারেক রহমান ও বিএনপির জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে কটূক্তি কিংবা অপপ্রচার কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ ধরনের প্রচারণার বিরুদ্ধে দলের নেতাকর্মীরা রাজপথে থেকে প্রতিবাদ অব্যাহত রাখবেন।’’ তিনি আরও ঘোষণা দেন যে, বিএনপি পরিবার এবং বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো ধরনের ষড়যন্ত্রের চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে তা রাজপথেই প্রতিহত করা হবে।





