চলমান ফুটবল বিশ্বকাপে নতুন উচ্চতায় নাম লেখালেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বকাপ ইতিহাসে মূল ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটে পেনাল্টি থেকে সর্বোচ্চ ৪টি গোল করার রেকর্ডে এখন লিওনেল মেসির পাশে যৌথভাবে অবস্থান করছেন তিনি।
ফিফার পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি থেকে ৪টি গোল করার এই কৃতিত্ব কেবল মেসি ও রোনালদোরই নয়। তাদের সঙ্গে এই তালিকায় আরও রয়েছেন পর্তুগালের ইউসেবিও, নেদারল্যান্ডসের রব রেনসেনব্রিঙ্ক, আর্জেন্টিনার গ্যাব্রিয়েল বাতিস্তুতা এবং ইংল্যান্ডের হ্যারি কেইন। বিশ্বকাপের মূল খেলায় এখন পর্যন্ত কোনো ফুটবলারই পেনাল্টি থেকে ৪টির বেশি গোল করতে পারেননি।
রোনালদোর এই ৪টি পেনাল্টি গোল এসেছে ২০০৬ সালে ইরানের বিপক্ষে, ২০১৮ সালে স্পেনের বিপক্ষে, ২০২২ সালে ঘানার বিপক্ষে এবং ২০২৬ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে নকআউট ম্যাচে। এই পেনাল্টি গোলের মাধ্যমেই তিনি তার বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম নকআউট গোলটি করার স্বাদ পেয়েছেন। ফিফার তথ্যমতে, রোনালদো মোট ৫টি পেনাল্টি কিক নিয়ে ৪টিতে গোল করেছেন, যার মধ্যে ২০১৮ বিশ্বকাপে ইরানের বিপক্ষে একটি পেনাল্টি মিস করার ঘটনাও রয়েছে।
সব মিলিয়ে বিশ্বকাপে রোনালদোর মোট গোলের সংখ্যা ১১টি। এর মধ্যে ওপেন প্লে থেকে তিনি করেছেন ৭টি গোল। যার মধ্যে ২০১০ বিশ্বকাপে উত্তর কোরিয়ার বিপক্ষে ১টি, ২০১৪ সালে ঘানার বিপক্ষে ১টি, ২০১৮ সালে স্পেনের বিপক্ষে ২টি ও মরক্কোর বিপক্ষে ১টি এবং চলতি ২০২৬ বিশ্বকাপে উজবেকিস্তানের বিপক্ষে ২টি গোল রয়েছে। উল্লেখ্য, ২০১৮ সালের সেই ম্যাচে পেনাল্টিসহ হ্যাটট্রিক করেছিলেন রোনালদো।

