ইউনাইটেড হেলথকেয়ারে দেশে প্রথমবারের মতো সফল রোবোটিক সার্জারি

প্রকাশ:

বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে নতুন এক মাইলফলক তৈরি করেছে ইউনাইটেড হেলথকেয়ার। গত ৩১ আগস্ট (সোমবার) রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো বিশেষায়িত সার্জিক্যাল রোবট ব্যবহার করে দুটি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এই ঐতিহাসিক অস্ত্রোপচারের কাজে ব্যবহৃত হয়েছে ‘মেডবট তুমাই এন্ডোস্কোপিক সার্জিক্যাল রোবট’।

হাসপাতালটির সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রফিকুস সালেহীন প্রথম অস্ত্রোপচারটি পরিচালনা করেন, যেখানে ৫৭ বছর বয়সী এক পুরুষের পিত্তথলির পাথর অপসারণ (রোবোটিক কোলেসিস্টেকটমি) করা হয়। একই দিনে দ্বিতীয় অস্ত্রোপচারটি সম্পন্ন করেন প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক অধ্যাপক ডা. সামছাদ জাহান শেলি। তিনি ৪৫ বছর বয়সী এক নারীর জরায়ু অপসারণ (রোবোটিক হিস্টেরেকটমি) সম্পন্ন করেন।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের আনুষ্ঠানিক অনুমোদনের পর এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। অধিদপ্তর সূত্রে জানা গেছে, নীতিমালা প্রণয়নের মাধ্যমে ইউনাইটেড হেলথকেয়ারসহ দেশের দুটি বেসরকারি হাসপাতালকে রোবোটিক সার্জারি পরিচালনার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে ২০২৪ সালে হৃদরোগ হাসপাতালে আংশিক রোবটিক প্রযুক্তির প্রদর্শনীমূলক ব্যবহার হলেও, পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক অস্ত্রোপচার হিসেবে এটিই দেশের প্রথম সফল ঘটনা।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, প্রচলিত পদ্ধতির তুলনায় রোবোটিক সার্জারিতে খরচ দুই থেকে তিন গুণ বেশি হলেও এর নির্ভুলতা, দ্রুত নিরাময় এবং সুরক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত। এই প্রযুক্তির ব্যবহার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার প্রবণতা কমিয়ে দেশের মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে বলে আশা করা হচ্ছে। ইউনাইটেড হেলথকেয়ার অদূর ভবিষ্যতে হৃদরোগ, নিউরো, ইউরোলজি এবং থোরাসিক বিভাগেও রোবোটিক সার্জারি কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা হাতে নিয়েছে।

শেয়ার করুন