রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। হত্যাকাণ্ডে গ্রেপ্তারকৃত সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের প্রতিবেশী এবং বন্ধু সীমান্ত দাস আদালতে ১৬৪ ধারায় সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক মোহাম্মদ রফিকুল ইসলামের সামনে তিনি এই জবানবন্দি প্রদান করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) পরিদর্শক জিন্নাত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত দাসের দেওয়া জবানবন্দির সঙ্গে গ্রেপ্তারকৃত দুই আসামির তথ্যের মিল পাওয়া গেছে। এর আগে গ্রেপ্তারকৃত সিদ্ধার্থ ও মুগ্ধ পুলিশের কাছে স্বীকার করেছিলেন যে, হত্যাকাণ্ডের আগে তাঁরা সীমান্ত দাসের বাড়িতে গিয়ে ইয়াবা সেবন করেছিলেন।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট বিকেলে গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই রাতেই সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করা হয় এবং তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরবর্তীতে মামলার তদন্তের দায়িত্ব কোতোয়ালি থানা থেকে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।





