টানা কয়েক দিনের ভারি বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলের তোড়ে রাঙ্গামাটি-বান্দরবান সড়কের গুরুত্বপূর্ণ শিলক ব্রিজঘাট সেতুর একাংশ ধসে পড়েছে। গত শুক্রবার রাতে সেতুটি ভেঙে পড়ার পর শনিবার সকাল থেকে এ সড়কে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, যার ফলে দুই জেলার মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
রাজস্থলীর বাঙ্গালহালিয়া সিএনজি সমিতির সাধারণ সম্পাদক লিটন দাশ এবং ওই সড়কে চলাচলকারী স্থানীয় সিএনজিচালক বাদশা ও মানিক জানান, কয়েক দিনের টানা বৃষ্টিতে পাহাড়ি ছড়া ও নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। পানির প্রবল চাপে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস দুধপুকুরিয়া এলাকার রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে যায়। এই বেড়িবাঁধ ভাঙার ফলে সৃষ্ট পানির তীব্র স্রোতে শিলক ব্রিজঘাট সেতুটি ভেঙে পড়ে এবং আশপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
সড়ক ও জনপথ অধিদপ্তরের রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সেতুটি বান্দরবান সড়ক বিভাগের তত্ত্বাবধানে রয়েছে এবং এ বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
সড়ক ও জনপথ অধিদপ্তরের বান্দরবানের নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দুধপুকুরিয়া এলাকার রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে যাওয়ার কারণেই ব্রিজঘাট সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, সড়কের পানি কিছুটা নেমে গেলে দ্রুত ব্রিজের সংস্কার কাজ শুরু করা হবে।
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১৪: ৫৮আপডেট : ১১ জুলাই ২০২৬, ১৫: ০২





