বাংলাদেশের জ্বালানি খাতে নতুন করে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক জ্বালানি কোম্পানি শেভরন। প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পিএম। রোববার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে এই প্রস্তাব নিয়ে আলোচনা হয়। শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে এ বৈঠকে মিলিত হন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন জানান, বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাতের সামগ্রিক উন্নয়ন ও বিনিয়োগের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। শেভরনের পক্ষ থেকে বিদ্যমান ও পুরোনো গ্যাসক্ষেত্রগুলোতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়া শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শু শিয়ংসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।





