বিদ্যুৎ ও গ্যাস সংকটে জনদুর্ভোগে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

প্রকাশ:

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের যে ভোগান্তি হচ্ছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পিএম রাজধানীর বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় তিনি এই দুঃখ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জ্বালানি সমস্যা, যার কারণে অনেক মানুষ কষ্ট পাচ্ছেন। তিনি এ বাস্তবতা অস্বীকার করেননি। তিনি উল্লেখ করেন, বিএনপি একটি নির্বাচিত সরকার হিসেবে এই সমস্যা সমাধানে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। তবে এটি বাস্তবায়নের জন্য কিছুটা সময়ের প্রয়োজন। ভবিষ্যতে যেন বিশ্ব পরিস্থিতির কারণে দেশের মানুষকে এমন জ্বালানি সংকটে পড়তে না হয়, সেই লক্ষ্যেই সরকার কাজ করছে বলে তিনি জানান।

সরকারপ্রধান আরও বলেন, কেবল অতীতের স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া সমস্যাগুলোকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না। বরং বাস্তবতা তুলে ধরে এমন কার্যকর পদক্ষেপ নিতে চাই যাতে ভবিষ্যতে আর কোনো সংকট তৈরি না হয়। আমি এবং আমার দলের পক্ষ থেকে এই জ্বালানি সংকটে ভুক্তভোগী সবার কাছে দুঃখ প্রকাশ করছি।

আলোচনাসভার শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ দলের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এরপর তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানটিতে বিএনপির ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান, ফরহাদ হালিম ও মো. ইসমাইল জবিউল্লাহ উপস্থিত ছিলেন। ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত এই সভায় দলের শীর্ষ নেতারা অংশ নেন।

শেয়ার করুন