যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

প্রকাশ:

প্রধানমন্ত্রী তারেক রহমান যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

তথ্য উপদেষ্টা জানান, বিমসটেকের সভাপতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে। এছাড়া ভারতের পক্ষ থেকেও আলাদাভাবে সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, বন্ধু পরিবর্তন করা সম্ভব হলেও প্রতিবেশী পরিবর্তন করা যায় না। দুই দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে নিয়মিত যোগাযোগ ও আলোচনার ইঙ্গিত দিয়ে তিনি জানান, ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর একজন প্রতিনিধি বর্তমানে ঢাকায় এসেছেন। দুই দেশের গোয়েন্দা প্রধানদের মধ্যে বৈঠকের সম্ভাবনা রয়েছে এবং ‘র’ প্রধানের এই সফর কোনো গোপন বিষয় নয় বলেও তিনি মন্তব্য করেন।

ভবিষ্যৎ সম্পর্কের রূপরেখা নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এখন নতুন করে সাজানো হচ্ছে। গত ১৭ বছর যেভাবে দুই দেশের সম্পর্ক পরিচালিত হয়েছে, সেই ধারার বাইরে গিয়ে সমতার ভিত্তিতে নতুন সম্পর্ক গড়ে তোলা হবে। তিনি আরও স্পষ্ট করে বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় ভারতের যেসব সংস্থা বা প্রতিষ্ঠান বাংলাদেশে যেভাবে কাজ করত, এখন থেকে তা আর হবে না। প্রতিটি বিষয় এখন স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আলোচনার মাধ্যমে সম্পন্ন করা হবে।

শেয়ার করুন