পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি কমানো এবং সবুজের পরিধি বাড়ানোর লক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৭ নম্বর দাউদপুর ইউনিয়নে একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ইউনিয়ন ভিডিপি দলনেতা মো. ফয়সাল কবির। নিজের উদ্যোগে তালগাছের চারা রোপণের পাশাপাশি কোমলমতি শিশুদের সঙ্গে নিয়ে তিনি এই কর্মসূচি বাস্তবায়ন করছেন।
শুক্রবার সকাল ৯টায় উপজেলার ৭ নম্বর দাউদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দেওগা মাদ্রাসা মোড় এলাকায় তালগাছের চারা রোপণের মধ্য দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রথম পর্যায়ে তিনি নিজ উদ্যোগে ২০০টি তালগাছের চারা রোপণ করছেন। পর্যায়ক্রমে বিভিন্ন সড়কের পাশে ও উপযুক্ত স্থানে মোট ২ হাজার ৩০০টি তালগাছের চারা রোপণের পরিকল্পনা রয়েছে তাঁর।
এই উদ্যোগের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো শুধু নিজের হাতে গাছ লাগিয়েই দায়িত্ব শেষ করছেন না ফয়সাল কবির। স্থানীয় ছোট ছোট কোমলমতি শিশুদেরও সঙ্গে নিয়ে তালগাছের চারা রোপণ করছেন তিনি। শিশুদের হাতে চারা তুলে দেওয়া, তাদের দিয়ে গর্তে চারা বসানো এবং পরিচর্যার বিষয়ে ধারণা দিচ্ছেন তিনি। এর মাধ্যমে ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে গাছের প্রতি ভালোবাসা এবং পরিবেশ রক্ষার দায়িত্ববোধ তৈরি করার চেষ্টা করছেন তিনি।
এ বিষয়ে ৭ নম্বর দাউদপুর ইউনিয়নের আনসার ভিডিপি দলনেতা মো. ফয়সাল কবির বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিশুরা নিজের হাতে যে গাছটি রোপণ করবে, সেটির প্রতি তাদের আলাদা একটি মায়া ও দায়িত্ববোধ তৈরি হবে। সেই লক্ষ্যেই আমি পর্যায়ক্রমে নিজ উদ্যোগে ২ হাজার ৩০০টি তালগাছ রোপণের উদ্যোগ নিয়েছি।





