নেপালে বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৬১৬, নিখোঁজ প্রায় দুই হাজার

প্রকাশ:

নেপালে আকস্মিক বন্যায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৬১৬ জনে দাঁড়িয়েছে। দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে এখনো ১ হাজার ৯২৪ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি। স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১ হাজার ৫৪৫ জন আহত ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং দুর্গত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ তৎপরতা পুরোদমে চলছে।

এর আগে নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ জানিয়েছিল, উদ্ধারকৃত লাশের সংখ্যা ৫৭৯ জন। তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজের সংখ্যা ১ হাজার ৯২৪ জনে স্থির রয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে চিতওয়ান জেলায়, যেখানে ২৩৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া নাওয়ালপরাসি ইস্টে ১৫৪, গোরখায় ৪৬, ধাদিংয়ে ৪০, নুয়াকোটে ৩৭, তানাহুতে ৩০, নাওয়ালপরাসি ওয়েস্টে ২৭ এবং রাসুয়ায় ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গত বুধবার সকালে নেপালের রাসুয়া ও এর পার্শ্ববর্তী অঞ্চলে আকস্মিক এই বন্যা আঘাত হানে। নিখোঁজ ব্যক্তিদের তালিকায় ৮৬ জন নিরাপত্তাকর্মী, ১২৭ জন নেপালি পর্যটক এবং ৫১৭ জন বিদেশি পর্যটক রয়েছেন।

এদিকে আন্তর্জাতিক পর্যায়েও বন্যার প্রভাব পড়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যার কারণে ৩২০ জন ভারতীয় নাগরিক নিখোঁজ হয়েছেন। এছাড়া চীনের অংশে আরও প্রায় ৪০০ ভারতীয় আটকা পড়েছেন বলে জানা গেছে। দুর্গত এলাকাগুলোতে নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে এবং ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি ত্রাণ সহায়তা পৌঁছানোর কাজ চলছে।

শেয়ার করুন