নেপালে আকস্মিক বন্যায় ১৭ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ ভ্রমণকারী

প্রকাশ:

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, বুধবার (২৬ আগস্ট) সকালে বিভিন্ন জেলায় বন্যার পর এসব মরদেহ উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকায় বন্যার ঘটনায় দুই শতাধিক বিদেশি নাগরিকসহ মোট ৩৮৪ জন ভ্রমণকারী নিখোঁজ রয়েছেন।

নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, ভোতে কোশি নদীতে আকস্মিক বন্যার পর নিখোঁজদের মধ্যে ২৯১ জন বিদেশি এবং ৯৩ জন নেপালের নাগরিক। রাজধানী কাঠমান্ডুর উত্তরে রাসুয়া জেলায় বুধবার ভোরের দিকে এই বন্যা আঘাত হানে। ভোতে কোশি নদীর তীরবর্তী ও নেপাল-তিব্বত সীমান্তসংলগ্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে এবং ওই এলাকায় অবস্থানরত বহু পর্যটকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

নিখোঁজ বিদেশি নাগরিকদের জাতীয়তার বিস্তারিত তালিকায় রয়েছে ১০৫ জন ভারতীয়, ৩৭ জন অনাবাসী ভারতীয়, ১৭ জন মালয়েশীয়, ১২ জন ব্রিটিশ, চারজন দক্ষিণ আফ্রিকান, তিনজন মার্কিন নাগরিক, একজন অস্ট্রেলীয় ও একজন ডাচ নাগরিক। এছাড়া আরও ১১১ জন বিদেশি নাগরিক নিখোঁজ রয়েছেন যাদের জাতীয়তা এখনো নিশ্চিত করা যায়নি।

নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, নিখোঁজদের অবস্থান শনাক্ত এবং তারা নিরাপদে আছেন কি না তা যাচাইয়ের কাজ চলছে। কর্তৃপক্ষ নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে, তবে দুর্গম ও পাহাড়ি এলাকায় বন্যার কারণে এই অভিযান ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। নেপাল সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতি নিয়ে সার্বক্ষণিক তথ্য সংগ্রহ করছে।

শেয়ার করুন