জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মধ্যরাত পর্যন্ত চলা এই সংঘর্ষে বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ১৯তম আবর্তনের শিক্ষার্থী লাবিবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, লাবিব শাখা ছাত্রদলের সদস্য সচিব মামুন সরকারের কর্মী।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বৃহস্পতিবার রাতে টিএসসির সামনে ছাত্রদলের আহ্বায়ক হাবিব আহমেদের কর্মীদের সঙ্গে সদস্য সচিব মামুন সরকারের কর্মী রাশেদুল হাসান রাতুলের কথা কাটাকাটি হয়। উত্তেজনার একপর্যায়ে তারা অগ্নিবীণা হলের সামনে জড়ো হলে ধাওয়া-পাল্টা ধাওয়ার সূত্রপাত ঘটে। এ সময় ছাত্রদলের কর্মীদের দেশীয় অস্ত্র হাতে অগ্নিবীণা ও বিদ্রোহী হলের মাঝে অবস্থান নিতে দেখা যায়। মধ্যরাতে এক পক্ষ অগ্নিবীণা হল থেকে বিদ্রোহী হলের দিকে ধাওয়া দিলে প্রক্টরিয়াল টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে হলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব মামুন সরকার বলেন, তিনি ঘটনার শুরুতে ক্যাম্পাসে ছিলেন না। তিনি আসার পর পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছেন। তিনি আরও বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে এবং তিনি ক্যাম্পাসে এমন মারামারি বা অরাজকতা চান না। তিনি দাবি করেন, কেউ হয়তো স্বার্থসিদ্ধির জন্য এমন ঘটনা তৈরি করছে। অন্যদিকে আহ্বায়ক হাবিব আহমেদ বলেন, তাদের অবস্থান স্পষ্ট। নিষিদ্ধ ছাত্রলীগের কেউ যেন ক্যাম্পাসে অনুপ্রবেশ করে নৈরাজ্য তৈরি করতে না পারে, সে বিষয়ে তারা কার্যকর ভূমিকা পালন করবেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো: মাহবুবুর রহমান জানান, ক্যাম্পাসে ঝামেলা হলেও প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের দুই প্রবেশদ্বারসহ ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে। পুলিশের ইনচার্জ জুলফিকার আলী জানিয়েছেন, পরিস্থিতি আগের চেয়ে স্বাভাবিক রয়েছে এবং তারা যথেষ্ট সতর্ক অবস্থানে থেকে নিরাপত্তা জোরদার করেছেন।





