জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি কবিকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী শক্তির উৎস ও অনুপ্রেরণা হিসেবে বর্ণনা করেন।
রিজভী বলেন, জীবনভর অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকা কাজী নজরুল ইসলাম যেকোনো আন্দোলন ও সংগ্রামের প্রধান অনুপ্রেরণা। তিনি বলেন, যে কোনো অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছেন তিনি। আমাদের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে চব্বিশের গণ-অভ্যুত্থান পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে নজরুলই ছিল মূল অনুপ্রেরণা। আজও দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে নজরুলের বাণী আমাদের রুখে দাঁড়াতে শেখায়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, নজরুলের সাহিত্যকর্ম, বাণী এবং তাঁর নির্ভীক আদর্শ বুকে ধারণ করেই আমরা পথ চলি। তিনি উল্লেখ করেন, দেশে এখন নজরুলকে নিয়ে নতুন করে চর্চা ও অনুশীলন শুরু হয়েছে, যা ইতিবাচক। তিনি কবির আত্মার মাগফেরাত কামনা করেন।
শ্রদ্ধা নিবেদনের সময় রুহুল কবির রিজভীর সঙ্গে বিএনপির সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, জাতীয়তাবাদী সমাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (১৮৯৯ সালের ২৫ মে) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। ডাকনাম 'দুখু মিয়া' হিসেবে পরিচিত এই কবি তাঁর ২৩ বছরের সাহিত্য জীবনে বাংলা ভাষা ও সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করেছিলেন। তাঁর কবিতা, গান ও সাহিত্যকর্ম শোষিত মানুষের মুক্তির পথ দেখিয়েছে। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল) এই দ্রোহ ও মানবতার কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।





