ক্যানসার রোগীদের চিকিৎসাসেবার পরিধি বাড়াতে ঢাকার জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের শয্যা সংখ্যা ৫শ’ থেকে ৭শ’তে উন্নীত করার প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে এই সংক্রান্ত আদেশ জারি করা হয়।
মন্ত্রণালয়ের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত আদেশে হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম শুরুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আদেশে উল্লেখ করা হয়েছে যে, অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতেই এই প্রশাসনিক অনুমোদন প্রদান করা হয়েছে। তবে সেবা কার্যক্রম চালুর ক্ষেত্রে সংশ্লিষ্ট সব বিধি-বিধান ও আনুষ্ঠানিকতা যথাযথভাবে প্রতিপালনের শর্ত দেওয়া হয়েছে।
দেশের ক্যানসার রোগীদের চিকিৎসায় এই প্রতিষ্ঠানটি একটি গুরুত্বপূর্ণ বিশেষায়িত সরকারি কেন্দ্র হিসেবে পরিচিত। নতুন এই সিদ্ধান্তের ফলে হাসপাতালে আরও ২শ’ শয্যা যুক্ত হচ্ছে, যা রোগীদের চিকিৎসাসেবা প্রাপ্তিতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।





