নওগাঁয় সাইবার অপরাধে যুবক গ্রেফতার, ডিবির বিশেষ অভিযান

প্রকাশ:

নওগাঁয় বিশেষ অভিযান পরিচালনা করে আর্থিক সাইবার অপরাধের অভিযোগে নাহিদ (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে নওগাঁ সদর থানা এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত নাহিদ নওগাঁ সদর উপজেলার বক্তারপুর এলাকার গোলাম হোসেনের ছেলে।

পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি অভিযানিক দল জানতে পারে যে, নাহিদ তার বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে সাইবার স্পেস ব্যবহার করে প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছেন। তিনি জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে বিকাশ ও নগদের সাহায্যে ডলার ই-ট্রানজেকশন করছিলেন। এই সংবাদের ভিত্তিতে বক্তারপুর এলাকায় নাহিদের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে নাহিদকে আটক করা হয়।

আটকের পর নাহিদের ব্যবহৃত মোবাইল ফোন বিশ্লেষণ করে পুলিশ বিভিন্ন তথ্য পেয়েছে। তদন্তে জানা গেছে, তিনি 'TextVerified' ওয়েবসাইট ও 'wePhone' অ্যাপ ব্যবহার করে ভুয়া মোবাইল নম্বর এবং জিমেইল আইডি তৈরি করতেন। এসব ব্যবহার করে তিনি অবৈধ উপায়ে নিজের বিকাশ অ্যাকাউন্টে ডলার ই-ট্রানজেকশন চালিয়ে আসছিলেন। এ ঘটনায় নাহিদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন