ফাঁসির রায় কার্যকর করতেই দেশে ফিরবেন শেখ হাসিনা: নাহিদ ইসলাম

প্রকাশ:

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তা কেবল ফাঁসির রায় কার্যকর করার জন্যই হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে রায় হয়ে গিয়েছে, এখন যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় এই গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা সরকারের দায়িত্ব।

সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত শেখ হাসিনার সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, ১৬ বছর ধরে দেশ ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে। সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে কখন এবং কীভাবে তাকে আনা হবে এবং বিচারের রায় কার্যকর করা হবে। তিনি আরও বলেন, মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা দেশের স্থিতিশীলতার জন্য বড় উদ্যোগ হবে এবং এই সরকারের উচিত দ্রুত তা কার্যকর করা। এছাড়া অন্য কোনো পরিকল্পনা কারো জন্যই ভালো হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিরা রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছেন জানিয়ে তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনীতি রক্ষায় তারা সর্বদা সচেষ্ট। শেখ হাসিনা বা আওয়ামী লীগকে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত করার কোনো পাঁয়তারা হলে সরকার যদি তা প্রশ্রয় দেয়, তবে সরকারই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তিনি আরও উল্লেখ করেন, আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের মুখোমুখি করার কথা সরকার ভাবছে এবং এটিই সঠিক পথ।

শেখ হাসিনা নিজের দলের নেতা-কর্মীদের ত্যাগ করে দিল্লিতে পালিয়ে গেছেন দাবি করে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং এটি দিল্লির নিয়ন্ত্রণে থাকা একটি দল। শেখ হাসিনার সিদ্ধান্তগুলো মূলত দিল্লি থেকে আসা অনুমোদনের ওপর নির্ভর করে। তাই তার দেশে ফেরা বা বিচার প্রক্রিয়া পুরোপুরি ঢাকা ও দিল্লির কূটনৈতিক বোঝাপড়ার ওপর নির্ভরশীল।

এছাড়া মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড নিয়েও অসন্তোষ প্রকাশ করেন নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, ইনুর এই রায় বিচারব্যবস্থা ও ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করেছে এবং এ বিষয়ে সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, এসব কথা তিনি আয়োজক সংগঠনের প্রধান সমন্বয়কারী আশিকিন আলমের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, যেখানে সারা দেশ থেকে আসা উদ্যোক্তারা অংশ নিয়েছিলেন।

শেয়ার করুন