জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনা যদি কখনো দেশে ফেরেন, তবে তা কেবল তার বিরুদ্ধে থাকা ফাঁসির রায় কার্যকর করার জন্যই হবে। শুক্রবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে বিশ্ব ক্ষুদ্র ও মাঝারি শিল্প দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, গত ১৬ বছরে দেশ ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে। তিনি আরও বলেন, ডিসেম্বরে কারও দেশে ফেরার পরিকল্পনার কথা শোনা গেছে, তবে তিনি কীভাবে আসবেন, কাদের নিয়ে আসবেন বা আত্মসমর্পণ করবেন কি না—সেটি নির্ধারণ করবে বাংলাদেশ সরকার। সরকার এ বিষয়ে দিল্লির সঙ্গে আলোচনা করবে। তিনি বলেন, ‘সকল প্রস্তুতি নিয়েই তাকে আনতে হবে। সরকার ঠিক করবে তাকে কখন, কীভাবে আনা হবে এবং কীভাবে বিচারের রায় কার্যকর করা হবে।’
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, দেশের স্থিতিশীলতার জন্য এটি একটি বড় উদ্যোগ হবে এবং বর্তমান সরকারের দ্রুতই এই রায় কার্যকর করা উচিত। অন্য কোনো পরিকল্পনা কারও জন্যই মঙ্গলজনক হবে না বলে তিনি সতর্ক করেন।
আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় আনার বিষয়ে সরকার চিন্তা করছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা মনে করি এটাই সঠিক রাস্তা। শেখ হাসিনার রায় অলরেডি হয়ে গিয়েছে। এখন এটা কার্যকর করতে হবে। শেখ হাসিনা যদি দেশে ফেরে, কেবল ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই।’
জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের প্রসঙ্গে তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনীতি রক্ষায় তারা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। রাজনৈতিকভাবে যেকোনো চ্যালেঞ্জ নিতে তারা সদা প্রস্তুত বলে জানান নাহিদ ইসলাম।





