জামালপুরের দেওয়ানগঞ্জে নিজ বসতঘরের বৈদ্যুতিক সংযোগ মেরামত করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদ সংলগ্ন পুরাতন রেললাইন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই এলাকার আব্দুর রশিদের ছেলে ১৪ বছর বয়সী রাজু এবং তার মা লাকী আক্তার (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দিলে রাজু তা মেরামতের উদ্যোগ নেন। কাজ করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ছেলেকে বিদ্যুতের তারে আটকে থাকতে দেখে তাকে উদ্ধারের জন্য মা লাকী আক্তার এগিয়ে যান। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
এই দৃশ্য দেখে পরিবারের দাদি বুলি বেগম তাদের বাঁচাতে এগিয়ে আসেন। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথিমধ্যেই রাজু ও লাকী আক্তারের মৃত্যু হয়। এদিকে গুরুতর আহত অবস্থায় বুলি বেগমকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে এই ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি।





