রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় দিনের আলোয় এক নারী পথচারীর মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এই চাঞ্চল্যকর ছিনতাইয়ের পুরো দৃশ্য স্থানীয় সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ফায়দাবাদের একটি নির্জন গলিতে দুই যুবক বেশ কিছুক্ষণ ধরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। সেই গলি দিয়ে একাধিক নারী যাতায়াত করার একপর্যায়ে, এক নারী মুঠোফোনে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিলেন। তিনি যুবকদের পাশ অতিক্রম করার সময় হঠাৎ একজন তাড়া দিয়ে তাঁর হাত থেকে মোবাইলটি থাবা মেরে ছিনিয়ে নেয়।
ভুক্তভোগী নারী সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করলে ছিনতাইকারী চক্রের অন্য সহযোগী ধারালো অস্ত্র উঁচিয়ে তাঁর দিকে তেড়ে আসে। এতে চরম আতঙ্কিত হয়ে পড়েন ওই নারী। এরপরই দুর্বৃত্তরা দ্রুত গলি দিয়ে পালিয়ে যায়। ঘটনার পরপরই ভুক্তভোগীকে আশপাশের মানুষের কাছে মোবাইল ছিনতাইয়ের কথা বলতে শোনা গেছে। তবে এ বিষয়ে তিনি থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করেছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।





