বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) শপথ গ্রহণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন। তার এই নতুন দায়িত্ব গ্রহণের প্রেক্ষিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাকে একটি অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।
অভিনন্দন বার্তায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্রে ইরান প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করেছেন। তিনি আশা প্রকাশ করেন যে, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলামের নেতৃত্ব বাংলাদেশের জনগণের জন্য স্থিতিশীলতা, সমৃদ্ধি ও অগ্রগতির এক নতুন অধ্যায়ের সূচনা করবে।
ইরানি প্রেসিডেন্টের অভিনন্দন বার্তায় আরও বলা হয়েছে, বাংলাদেশের আইনপ্রণেতা ও সংসদীয় প্রতিনিধিরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অঙ্গীকার, দূরদর্শিতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা ও সুসংহত করার ক্ষেত্রে তার মূল্যবান অবদানের ওপর যে আস্থা রেখেছেন, তা বাংলাদেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।
একই সঙ্গে, বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করা এবং দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সহযোগিতা সম্প্রসারণে ইরান সরকার ও জনগণের দৃঢ় প্রত্যয়ের কথা পুনর্ব্যক্ত করেন মাসুদ পেজেশকিয়ান। বার্তায় তিনি নতুন রাষ্ট্রপতির দায়িত্ব পালনে ক্রমবর্ধমান সাফল্য কামনার পাশাপাশি বাংলাদেশের জনগণের শান্তি, সুখ ও সমৃদ্ধির জন্য প্রার্থনার কথাও উল্লেখ করেছেন।





